বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত মহাসচিব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জিয়া উদ্যানে এ শ্রদ্ধা জানান।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খণ্ড খণ্ড মিছিলে অংশ নিয়ে তারা বিভিন্ন দলীয় স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শন ধারণ করে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা।

আপনার মতামত দিন