জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতার অভিযোগ এবং নিয়োগে অনিয়মের সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানের বিরোধিতায় অভিযুক্ত তিন শিক্ষকের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেসানী এই তথ্য নিশ্চিত করেছেন।
জুলাই অভ্যুত্থানের বিরোধিতায় তদন্ত কমিটিতে দোষী সাব্যস্ত হয়ে সাময়িক বরখাস্ত হওয়া তিন শিক্ষক হলেন— শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম ওয়াহিদুজ্জামান ও অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মশিউর রহমান।
অন্যদিকে, বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা না থাকার পরও শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের অধিকতর তদন্তে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে।
প্রো-ভাইস চ্যান্সেলর জানান, ড. জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করলেও সংগীত বিভাগে প্রভাষক পদে নিয়োগ পান, যেখানে সংগীত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক ছিল। যদিও তিনি পরবর্তীতে সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি সম্পন্ন করেছেন।

আপনার মতামত দিন