জনসংখ্যা হ্রাস রোধ ও ঐতিহাসিক শহরটিকে পুনরুজ্জীবিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে ইতালির সিসিলি দ্বীপের মধ্যযুগীয় শহর নরো। শহরটির পুরোনো ও পরিত্যক্ত ভবনগুলো সংস্কার করে নতুন বসতি গড়ে তুলতে মাত্র ১ ইউরোতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৩ টাকা) বাড়ি বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। ইউরোপীয় সংবাদমাধ্যম ইউরোনিউজ এই তথ্য প্রকাশ করেছে।
সিসিলির আগ্রিজেন্তো প্রদেশে অবস্থিত নরো শহরটি তার চমৎকার বারোক স্থাপত্য এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। শহরটির উল্লেখযোগ্য আকর্ষণের মধ্যে রয়েছে ১৩ শতকের ‘গোল্ডেন গেট’ বা পোর্তা দ'ওরো, চিয়ারামন্তানো দুর্গ এবং সুপরিচিত ‘এমএএন’ ওপেন-এয়ার মিউজিয়াম। এ ছাড়া স্থানীয় ঐতিহ্যবাহী খাবার—যেমন ক্যাসাটা, পাস্তা রেয়ালে ও কানোলির জন্যও শহরটি বেশ জনপ্রিয়।
আবেদনের নিয়ম ও শর্তাবলী
ইতালীয় নাগরিকের পাশাপাশি বিদেশি নাগরিকরাও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে এই বাড়িগুলোর জন্য আবেদন করতে পারবেন। আগ্রহীরা অনলাইনে ‘কাসে ১ ইউরো নরো’ প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।
তবে প্রতীকী মূল্যে বাড়ি কেনা গেলেও এর পেছনের খরচ বেশ ভালোই। তালিকাভুক্ত ভবনগুলোর বর্তমান অবস্থা জরাজীর্ণ হওয়ায় সংস্কারের সম্পূর্ণ খরচ ক্রেতাকেই বহন করতে হবে। এর বাইরে দলিল সম্পাদন, নিবন্ধন ফি, সম্পত্তি-সংক্রান্ত কর, প্রকৌশলীর নকশা এবং পরিবেশ ও নগর পরিকল্পনার নিয়ম মেনে সংস্কার কাজ শেষ করার যাবতীয় ব্যয়ভার ক্রেতার ওপরই বর্তাবে। এমনকি নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করার কড়াকড়ি শর্তও থাকতে পারে।

আপনার মতামত দিন