দেশে হামের পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক রূপ নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১হাজার ১৫৯শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন আরও ৭২ শিশু। সব মিলিয়ে গত এক দিনে হাম ও এর উপসর্গযুক্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে।
প্রতিবেদনে জানানো হয়, গত ১৫মার্চ থেকে চলতি বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু। এ নিয়ে দুই হিসাব মিলিয়ে এ পর্যন্ত মোট ৯৭৯ শিশুর প্রাণহানি ঘটেছে। একই সময়ে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৮৪ জনে এবং হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৫০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ১৫মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১লাখ ৩৯ হাজার ৫১৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১লাখ ৩৪ হাজার ৪৫৮ শিশু। চিকিৎসকদের মতে, বর্তমান পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় সচেতনতা ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আপনার মতামত দিন