যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সোমবার হোয়াইট হাউজের প্যাডে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বোয়িং উড়োজাহাজ কেনার এই সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের বিষয়টি তিনি স্মরণ রাখবেন এবং ‘বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না’। চিঠিতে বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এর জনগণের এক উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এ ছাড়া চিঠির শেষাংশে মার্কিন প্রেসিডেন্ট শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেছেন।
এর আগে গত রোববার রাতে দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, এ সপ্তাহে বোয়িংয়ের কেনাকাটা নিয়ে দুই দেশের শীর্ষ নেতার মধ্যে একটি ‘অভূতপূর্ব চুক্তি’ হয়েছে এবং এর অংশ হিসেবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনতে সম্মত হয়েছে। মার্কিন বিশেষ দূতের এই ঘোষণার একদিনের মাথায় ডনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই চিঠি পাঠালেন।

আপনার মতামত দিন