ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আত্মীয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামের বাড়ি থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, মৃত যুবতীর নাম বৃষ্টি মুখোপাধ্যায়। তিনি মমতার মামাতো ভাই নীহাররঞ্জন মুখোপাধ্যায়ের কন্যা। পরিবারের দাবি ও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তীব্র মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির দোতলার একটি ঘরে বৃষ্টির ঝুলন্ত দেহ দেখতে পান পরিজনেরা। সিলিং ফ্যানের সঙ্গে ধুতি পেঁচিয়ে তিনি গলায় ফাঁস নেন বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং তাঁর চিকিৎসা চলছিল। সাম্প্রতিক সময়ে তাঁর পারিবারিক ও ব্যক্তিগত জীবনেও কিছু টানাপড়েন চলছিল বলে ঘনিষ্ঠরা জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের মার্চ মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি-র নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বোলপুর হাইস্কুলের করণিক হিসেবে কর্মরত বৃষ্টির চাকরি বাতিল হয়েছিল। যদিও সে সময় তাঁর পরিবার দাবি করেছিল যে তিনি সম্পূর্ণ নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলেন। ময়নাতদন্তের জন্য বৃষ্টির মরদেহ রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

আপনার মতামত দিন