নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪৩ হাজার নারী ও কিশোরীর জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বন্যায় নারী ও কিশোরীরা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে দারিদ্র্য, প্রতিবন্ধিতা, গর্ভাবস্থা এবং প্রয়োজনীয় সম্পদের ঘাটতির কারণে আগে থেকেই ঝুঁকিতে থাকা নারীদের পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে।
ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, রাসুয়া ও নুয়াকোট জেলায় বসবাসকারী আনুমানিক ১ লাখ ৫৭ হাজার ৫০ নারী ও কিশোরী বন্যায় সরাসরি বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকার নারীরা খাবারকে তাদের সবচেয়ে জরুরি প্রয়োজন হিসেবে চিহ্নিত করেছেন। পাশাপাশি বন্যায় পানি সরবরাহ ব্যবস্থা, সড়ক ও সেতু ধ্বংস হওয়ায় নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে রাসুয়া জেলায় নারীদের আগে থেকেই পরিবারের জন্য পানি সংগ্রহ করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হতো, যা বর্তমান অবকাঠামোগত ক্ষতির কারণে আরও দুরূহ হয়ে পড়েছে।
ইউএন উইমেন সতর্ক করে জানিয়েছে, এই চলমান সংকট খাবারের মতো মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্যকে আরও বাড়িয়ে দিচ্ছে। সংস্থাটির মতে, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সামাজিক বৈষম্য যুক্ত হলে সমাজরে সবচেয়ে পিছিয়ে থাকা মানুষগুলোই মারাত্মক ঝুঁকির মুখে পড়েন।

আপনার মতামত দিন