অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি, সরকারি কেনাকাটা এবং প্রশাসনিক কার্যক্রমে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ দল এই অনুসন্ধান পরিচালনা করে। অনুসন্ধানে আসিফ মাহমুদ ছাড়াও মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানানো হয়েছে।
দুদক সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্বে থাকাকালে প্রশাসনিক কার্যক্রমে বেআইনি সুবিধা প্রদান, ঘুষ গ্রহণ, অর্থপাচার এবং বিটকয়েনের মাধ্যমে অবৈধ লেনদেনের অভিযোগ আনা হয়েছিল। এ ছাড়া ক্রিকেট বোর্ডের কার্যক্রমে অনৈতিক হস্তক্ষেপ, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার বিষয়গুলোও অনুসন্ধানে অন্তর্ভুক্ত ছিল। সরকারি ক্রয় কার্যক্রমে নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের বিষয়েও তথ্য সংগ্রহ করা হয়েছে।
তবে দুদকের পক্ষ থেকে এখনো পূর্ণাঙ্গ অনুসন্ধান প্রতিবেদন বা পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

আপনার মতামত দিন