নেপালের ভোতেকোশি নদীসহ বিভিন্ন অঞ্চলে সংঘটিত ভয়াবহ আকস্মিক বন্যায় একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারতীয় সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ বর্তমানে প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৬ আগস্ট নেপালের তিব্বত সীমান্তসংলগ্ন হিমালয় অঞ্চলে ভোতেকোশি নদীতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এই প্রাকৃতিক দুর্যোগে নদীর তীরবর্তী জনপদ, সড়ক ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্য হিন্দুর তথ্য অনুযায়ী, এই বন্যায় মৃতের সংখ্যা ১ হাজার ২৫০ জনে পৌঁছেছে এবং এখনও চার হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্য অনুমোদিত দুটি জলবিদ্যুৎ প্রকল্প—২২.১ মেগাওয়াটের চিলিমে এবং ২৪ মেগাওয়াটের ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে প্রকল্প দুটিতে উৎপাদন বন্ধ থাকায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ জানুয়ারি সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি হওয়ার কথা ছিল। সাম্প্রতিক বন্যায় নেপালের মোট ১২টি জলবিদ্যুৎ প্রকল্পে উৎপাদন ব্যাহত হয়েছে।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সচল অন্য কোনো প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর অনুমতির জন্য ভারতের কাছে আবেদন করা হয়েছে এবং আলোচনা অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন