রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল কর্ডন করে ঘিরে রেখেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন জানান, মিরপুর-১০ নম্বরে অবস্থিত মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তুটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, এমআরটি (মেট্রোরেল) পুলিশের সংবাদের ভিত্তিতে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। নিরাপত্তার স্বার্থে আপাতত মিরপুর-১০ নম্বর স্টেশনে মেট্রোরেলের স্টপেজ ও ট্রেন ওঠানামা বন্ধ রাখা হয়েছে। বস্তুটি আদৌ কোনো বিস্ফোরক কি না, তা পরীক্ষার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।
একই সময়ে রাজধানীর ফার্মগেটেও একটি সন্দেহভাজন বস্তার সন্ধান মেলে। এ বিষয়ে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা জানান, বেলা ১১টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ডের ওপর পরিত্যক্ত একটি বস্তা পড়ে থাকার খবর পায় পুলিশ। নিরাপত্তার কথা ভেবে বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে, তারা এসে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বস্তার ভেতরে কী রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ছাতার ভেতরে রাখা একটি বোমা উদ্ধার করা হয়। পরে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। তবে ওই ঘটনায় একজন পথচারী আহত হন।

আপনার মতামত দিন