যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের তীব্রতার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখার বিতর্কিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস ম্যাগাজিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লেখেন, পানিপথটি এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে আসায় এর নাম পরিবর্তন করে ‘ট্রাম্প স্ট্রেইট’ রাখা উচিত কি না। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলোতে নতুন দফায় বিমান ও রকেট হামলা চালানোর ঠিক পরদিনই এমন প্রস্তাব সামনে আনলেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, নৌযান এবং হরমুজ প্রণালীতে মাইন বসানোর সক্ষমতা লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে, মার্কিন হামলায় খুজেনিস্তান, সিস্তান ও বেলুচিস্তান, হরমুজগান এবং কারমান প্রদেশের বেসামরিক এলাকা ও পরিষেবা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় কোহেস্তাক শহরের একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় বেশ কয়েকজন বেসামরিক লোক হতাহত হয়েছেন বলেও দাবি করেছে তেহরান। এই ঘটনার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের অফিশিয়াল আইডি থেকেও হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প স্ট্রেইট’ চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। এর জবাবে আইআরজিসি জানিয়েছে, তারা মঙ্গলবার রাতে জর্ডান, কুয়েত, বাহরাইন এবং ইরাকে অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।
বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া এই গুরুত্বপূর্ণ পানিপথটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য জাহির করতেই ট্রাম্প নাম পরিবর্তনের এই রাজনৈতিক কৌশল বেছে নিয়েছেন। এর আগে কানাডার সঙ্গে বাণিজ্য বিরোধের সময় লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ এবং মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

আপনার মতামত দিন