দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫২ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই তথ্য জানানো হয়েছে। গত বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাবের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১০১ জন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৫ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরে ২২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৯ জন, চট্টগ্রামে ১৯৪ জন, খুলনায় ২৪৭ জন, ময়মনসিংহে ৮৭ জন, রাজশাহীতে ১০৯ জন, রংপুরে ২৭ জন এবং সিলেটে ছয়জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৩৯ হাজার ৫৩২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৪৬৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৯৫৪ জন রোগী।
চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই প্রাণ হারিয়েছেন ৪৩ জন। এ ছাড়া জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে ১ জন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং সেপ্টেম্বরের প্রথম তিন দিনে ১৪ জনের মৃত্যু হয়েছে।

আপনার মতামত দিন