দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ‘পুলিশকে দুষ্টের দমনে অত্যন্ত কঠোর এবং শিষ্টের পালনে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে।’ এ সময় দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশ দেন তিনি।
পাশাপাশি অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব প্রচারসহ সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রধানকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাষ্ট্রপতি। এ ছাড়া বিচারবহির্ভূত হত্যা, জনহয়রানি ও মিথ্যা মামলা বন্ধে গৃহীত পদক্ষেপগুলো কঠোরভাবে অব্যাহত রাখার ওপরও জোর দেন তিনি।
সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ বাহিনীর মনোবল সুদৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে তিনি নিজ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতি পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন