হোম / বিশ্ব / মার্কিন নারীবাদী আন্দোলনের প্রবক্তা গ্লোরিয়া...
বিশ্ব

মার্কিন নারীবাদী আন্দোলনের প্রবক্তা গ্লোরিয়া স্টেইনেম আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:৩৮ পূর্বাহ্ন
৮৭ বার পঠিত
ফন্ট:
যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের অন্যতম প্রধান মুখ, বিশিষ্ট সাংবাদিক ও নারীবাদী কর্মী গ্লোরিয়া স্টেইনেম মারা গেছেন।

যুক্তরাষ্ট্রের নারী অধিকার আন্দোলনের অন্যতম প্রধান মুখ, বিশিষ্ট সাংবাদিক ও নারীবাদী কর্মী গ্লোরিয়া স্টেইনেম মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। স্টেইনেমের ফাউন্ডেশনের বরাতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিবিসি জানিয়েছে, নিউইয়র্ক সিটির নিজ বাড়িতে স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

নারীর সমঅধিকার ও স্বাধীনতার পক্ষে দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে সোচ্চার ছিলেন স্টেইনেম। লেখক ও ম্যাগাজিন সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করা এই মার্কিন নারী ১৯৭০-এর দশকে নারী মুক্তি আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। তিনি নারী অধিকার নিয়ে কাজ করা ‘উইমেন’স অ্যাকশন অ্যালায়েন্স’-এর সহপ্রতিষ্ঠাতা ছিলেন। এছাড়া ১৯৭২ সালে তিনি ‘Ms.’ ম্যাগাজিন প্রতিষ্ঠা করেন, যা গৃহস্থালি ও সৌন্দর্যের গণ্ডি পেরিয়ে নারীর অধিকার, বৈষম্য এবং সামাজিক-রাজনৈতিক ইস্যুকে সামনে নিয়ে এসে দ্রুত তুমুল জনপ্রিয়তা অর্জন করে।

জীবনের দীর্ঘ পথপরিক্রমায় নারীর প্রজনন অধিকার, সমকামীদের বিয়ে বৈধ করা, সমান মজুরি ও সমঅধিকারের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে সোচ্চার ছিলেন তিনি। ১৯৩৪ সালের ২৫ মার্চ ওহাইও অঙ্গরাজ্যের টলিডোয় জন্ম নেওয়া স্টেইনেমের শৈশব বেশ কঠিন কেটেছিল। তরুণ বয়সে ভারতে দুই বছর কাটিয়ে গ্রামীণ নারীদের অহিংস আন্দোলনে সংগঠিত করার অভিজ্ঞতা তাঁর তৃণমূলভিত্তিক সামাজিক আন্দোলনের ভিত্তি গড়ে দেয়। ১৯৬০-এর দশকের শুরুতে নিউইয়র্কে ফিরে সাংবাদিকতা শুরু করেন এবং প্লেবয় ক্লাবের কর্মীদের কাজের পরিবেশ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে ব্যাপক পরিচিতি পান।

স্টেইনেমের ফাউন্ডেশন জানিয়েছে, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সমতা ও ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন। অন্যের কথা মন দিয়ে শোনা এবং মানুষকে নিজের অস্তিত্বের স্বীকৃতি দেওয়াই ছিল তাঁর সবচেয়ে বড় শক্তি। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের আন্দোলনকেও অনুপ্রাণিত করবে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+