দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যে আয়োজিত ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চে কোনো বাধা দেওয়া হলে এই কর্মসূচি এক দফার আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৬ দফা দাবিতে আয়োজিত লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, "নতুন করে যারা স্বৈরাচার হতে চাচ্ছে, চাঁদাবাজি করছে এবং গণভোটের গণরায়ের বিরুদ্ধে প্রতারণা করেছে, এই লংমার্চ তাদের বিরুদ্ধে। যতই বাধা আসুক না কেন, এই কর্মসূচি চট্টগ্রামে পৌঁছাবে।"
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না। লংমার্চে কোনো বাধা এলে তা মোকাবিলা করেই গন্তব্যে পৌঁছানো হবে।
উল্লেখ্য, উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। নির্ধারিত সূচি অনুযায়ী পথিমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত দিন