বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচারের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১৫ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ওই সেনাঘাঁটির গুদামে এই দুর্ঘটনা ঘটে। ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিতা নেব্রাস্কা হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছেন।
আহতদের মধ্যে অন্তত ৫২ জন সাধারণ বেসামরিক নাগরিক এবং বাকিরা সেনাসদস্য। গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে রাজধানী লা পাজের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে; যার মধ্যে মারাত্মকভাবে দগ্ধ একটি শিশুও রয়েছে। বিকট বিস্ফোরণের তোড়ে আশপাশের অসংখ্য ঘরবাড়ির জানালার কাচ চুরমার হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণস্থলে এখনও অতিরিক্ত উত্তাপ থাকায় পুনরায় বিস্ফোরণের ঝুঁকি রয়েছে। সুরক্ষার স্বার্থে স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বলিভিয়া পুলিশের মুখপাত্র রজার রোকা জানান, সেনা ব্যারাকের ভেতরে আতশবাজি ও বিস্ফোরক সামগ্রী সংরক্ষিত ছিল। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণের সূত্রপাত ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে।

আপনার মতামত দিন