মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগকারী বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার (৫ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এই দিনে যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন জাতির এই শ্রেষ্ঠ সন্তান।
দিনটি উপলক্ষে তাঁর জন্মস্থান নড়াইল সদর উপজেলার ‘নূর মোহাম্মদ নগর’-এ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট। কর্মসূচির মধ্যে রয়েছে কোরআনখানি, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি মহিষখোলা গ্রামে জন্ম নেওয়া নূর মোহাম্মদ শেখ ১৯৫৯ সালে তৎকালীন ইস্ট পাকিস্তান রাইফেলসে (ইপিআর) যোগ দেন। মুক্তিযুদ্ধের সময় যশোরের গোয়ালহাটিতে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে গুরুতর আহত হওয়া সত্ত্বেও তিনি পিছু হটেননি; বরং সহযোদ্ধাদের জীবন ও অস্ত্র রক্ষার্থে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যান এবং একপর্যায়ে শাহাদাতবরণ করেন। পরে তাকে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্র তাকে সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
তাঁর স্মৃতি সংরক্ষনে জন্মস্থান মহিষখোলার নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়েছে। সেখানে গড়ে তোলা হয়েছে গ্রন্থাগার, স্মৃতি জাদুঘর, স্মৃতিস্তম্ভ এবং শিক্ষাপ্রতিষ্ঠান।

আপনার মতামত দিন