আলোচিত ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠান ‘হেলথ রেভল্যুশন লিমিটেড’-এর বিরুদ্ধে ওঠা একটি অভিযোগ তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোগীর ইনসুলিন বন্ধ করে ‘কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট’ গ্রহণের পরামর্শ দেওয়ার ফলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক ডায়াবেটিক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠার পর গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই কমিটি গঠন করা হয়। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ থেকে ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, রোগীর মৃত্যুর অভিযোগটি গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে।
গঠিত তদন্ত কমিটিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে আহ্বায়ক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে সুনির্দিষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত দিন