যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুজন নিহত এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (৫সেপ্টেম্বর) সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে ব্লাইথ এভিনিউ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফ্রেসনো ফায়ার বিভাগের বরাতে এএনআই নিউজ এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে ফ্রেসনো পুলিশ বিভাগ, ফায়ার সার্ভিস, কাউন্টি শেরিফের কার্যালয় এবং নর্থ সেন্ট্রাল ফায়ার বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক কম্পানি (পিজিই) ঘটনাস্থলে কাজ করে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে।
মার্কিন কর্তৃপক্ষ এখনো হতাহতদের পরিচয় প্রকাশ করেনি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত দিন