হোম / বিশ্ব / ভারতের উত্তরাখণ্ডে অননুমোদিত মাদ্রাসার বিরুদ্...
বিশ্ব

ভারতের উত্তরাখণ্ডে অননুমোদিত মাদ্রাসার বিরুদ্ধে অভিযান, বন্ধ ২০টি প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:২২ পূর্বাহ্ন
৯৪ বার পঠিত
ফন্ট:
নির্ধারিত নিয়ম ও শিক্ষাব্যবস্থার শর্ত না মানার অভিযোগে ভারতের উত্তরাখণ্ডে অননুমোদিত মাদ্রাসার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন।

নির্ধারিত নিয়ম ও শিক্ষাব্যবস্থার শর্ত না মানার অভিযোগে ভারতের উত্তরাখণ্ডে অননুমোদিত মাদ্রাসার বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রশাসন। এ পর্যন্ত রাজ্যটিতে মোট ২০টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে ১৭টি সিলগালা এবং বাকি তিনটি স্বেচ্ছায় কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে।

রোববার (৬সেপ্টেম্বর) সংবাদমাধ্যম 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রশাসনের এই অভিযান রাজধানী দেহরাদুন ও হালদাওয়ানি পর্যন্ত বিস্তৃত হয়েছে।

রাজ্যের সংখ্যালঘু উন্নয়নবিষয়ক বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানিয়েছেন, স্বীকৃতি ও শিক্ষার নির্ধারিত মানদণ্ড পূরণ না করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেই এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি নিয়ম অমান্য করে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সর্বশেষ অভিযানে দেহরাদুনে তিনটি এবং হালদাওয়ানিতে দুটি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ ও সিলগালা করা হয়।

এর আগে গত জুলাই মাসে উত্তরাখণ্ড সরকার পুরোনো মাদ্রাসা বোর্ড বিলুপ্ত করে একটি নতুন কর্তৃপক্ষ গঠন করে। নতুন এই ব্যবস্থার আওতায় মুসলিমদের পাশাপাশি খ্রিষ্টান, শিখ, পারসি, জৈন ও বৌদ্ধ সম্প্রদায়ের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ ও স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া আনা হয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, শিশুদের আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা নির্ধারিত আইন ও নিয়ম অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। নতুন এই কাঠামো চালুর পূর্বে রাজ্যে ৪৫২টি স্বীকৃত মাদ্রাসা ছিল এবং ইতিপূর্বে স্বীকৃতির জন্য আবেদন না করা দুই শতাধিক অননুমোদিত মাদ্রাসার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+