চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) ফলাফল আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে প্রকাশিত হবে। রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট শুরু হয়ে ১৭ আগস্ট রাত পর্যন্ত এসএসসির ফল পুনর্নিরীক্ষণের অনলাইন আবেদন প্রক্রিয়া চলে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করে আবেদন করেন। অনেকে একাধিক বিষয়ে আবেদন করায় মোট জমা পড়া আবেদনের সংখ্যা দাঁড়ায় ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টিতে। এর মধ্যে লিখিত পরীক্ষার জন্য ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার জন্য ২ লাখ ৩১ হাজার ৪৭১টি আবেদন জমা পড়ে।
বোর্ডভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ১১টি বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে। এই বোর্ডের ৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত ও ব্যবহারিক মিলিয়ে মোট ৩ লাখ ৩৫ হাজার ৬৭৭টি আবেদন করেন।
অন্যান্য বোর্ডের মধ্যে রাজশাহীতে ৩৯ হাজার, চট্টগ্রামে ৩৯ হাজার, দিনাজপুরে ৩৭ হাজার, কুমিল্লায় ৩৫ হাজার, যশোরে ২৮ হাজার, ময়মনসিংহে ২৭ হাজার ৬৭৬, সিলেটে ২০ হাজার এবং বরিশালে ১৭ হাজারেরও বেশি পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজার এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি শিক্ষার্থী এই আবেদন করেন।

আপনার মতামত দিন