ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ধাপভিত্তিক ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ অত্যন্ত দ্রুতগতিতে চলছে এবং আচরণবিধি ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে যেসব বিধি ব্যবহার করা হয়েছিল, তার অনেক কিছুই স্থানীয় সরকার নির্বাচনেও যুক্ত করা হয়েছে এবং দুই-এক দিনের মধ্যেই এসংক্রান্ত গেজেট নোটিফিকেশন জারি করা হবে।
ভোটগ্রহণের সময় নির্ধারণের ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। নভেম্বর ও ডিসেম্বরের দিকে শিক্ষার্থীদের বার্ষিক, বৃত্তি, টেস্ট ও প্রি-টেস্ট পরীক্ষা থাকায় এবং ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার ও শিক্ষকগণ পোলিং কর্মকর্তার দায়িত্বে থাকায় পরীক্ষার সময় এড়িয়ে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানান এই কমিশনার।
নির্বাচনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, সব ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি বডি ওর্ন ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে। এর মাধ্যমে যেকোনো পরিস্থিতি দ্রুত পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে। এছাড়া নির্বাচনের সময় ভুয়া তথ্য বা অপপ্রচার রোধেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার মতামত দিন