হোম / জাতীয় / বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা কর...
জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে সম্মাননা দেওয়া হবে

ডেস্ক রিপোর্ট
০৬ সেপ্টেম্বর, ২০২৬ | ০৬:০৮ পূর্বাহ্ন
৮৬ বার পঠিত
ফন্ট:
‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষাব্যবস্থার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষকদের উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে দেশের ১০০জন শিক্ষককে এক লাখ টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

রোববার (৬সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপনের লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষক সমাজ। মাঠে যারা চমৎকার কাজ করছেন, তাঁদের সঠিক স্বীকৃতি ও উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী ৫অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের এই অবদানকে সম্মান জানাতে চাই আমরা।

তিনি জানান, সেরা শিক্ষক নির্বাচনে একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে। পূর্বে মাত্র ১২জন শিক্ষককে দুই লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দেওয়া হতো। তবে শিক্ষকদের যথাযথ সম্মান নিশ্চিত করার লক্ষ্যেই সরকার এই পরিধি বাড়িয়ে সারা দেশের দক্ষ ও গুণী শিক্ষকদের মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় বাছাইকৃত ১০০জন শিক্ষককে এক লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে।

শিক্ষকদের আচরণবিধি সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা তাঁদের নিজেদের আচরণ দিয়ে সমাজকে আলোকিত করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অযাচিত কর্মকাণ্ড রোধ এবং শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে তিনি জানান, ২০১৬ সাল থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত শিক্ষকদের নিজেদের কন্ট্রিবিউশনের বকেয়া অংশ ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে। এছাড়া সরকারের পক্ষ থেকে প্রদেয় বাকি অনুদানের অর্থও ক্রমান্বয়ে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানান, নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে কাজ চলছে। সরকারি কর্মচারীরা যে হারে সুবিধা পাবেন, শিক্ষকরাও সেই অনুপাতেই সুযোগ-সুবিধা লাভ করবেন।

সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলসহ শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+