ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ছয়তলা ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুর দেড়টার দিকে ঘটা এই দুর্ঘটনায় ভবনটির ভেতরে অন্তত ৫০জন শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আটকে পড়াদের উদ্ধারে জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ছুটির দিন হওয়ায় ধসের সময় ভবনটির ভেতরে অন্তত ৫০জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী সংবাদ সংস্থা এএনআই-কে জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে অনেকের বাঁচার আকুতি শোনা যাচ্ছে এবং ভেতরে থাকা অনেকেই ফোন করে সাহায্যের আকুতি জানাচ্ছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং অন্যান্য দুর্যোগ ব্যবস্থাপনা দল। ভারী কংক্রিটের স্ল্যাব সরাতে এক্সক্যাভেটর ব্যবহার করা হচ্ছে। এছাড়া উদ্ধারকারীদের সহায়তায় স্থানীয় কয়েকটি ছাত্র সংগঠনও কাজ করে যাচ্ছে। স্থানীয় বিজেপি বিধায়ক অনিল শর্মা জানিয়েছেন, আটকে পড়া শিক্ষার্থীদের দ্রুত উদ্ধারের জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি বিশেষ দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আপনার মতামত দিন