যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে গিয়ে সড়কে চলাচলরত গাড়িতে ধাক্কা দেয় এবং এতে আগুন ধরে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মিয়ামি-ডেড কাউন্টির ফায়ার চিফ রে জাদাল্লাহ জানান, পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে ছেড়ে আসা বোয়িং ৭৬৭-৩০০ কার্গো বিমানটি স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে মিয়ামিতে পৌঁছায়। অবতরণের পর এটি নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িগুলো দুমড়েমুচড়ে যায় এবং বিমানের ভেতরে ও গাড়িতে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ফায়ার সার্ভিসের বিশেষ দল অভিযান চালায়।
আহত পাঁচজনের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ট্রমা সেন্টারে এবং দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটির পাইলট ও কো-পাইলটকে উদ্ধারেও বিশেষ অভিযান পরিচালিত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রায় ২০০ সদস্য ও ৬০টি ইউনিট কাজ করে। ঘটনাস্থলে বিপজ্জনক জ্বালানি ছড়িয়ে পড়া রোধে হ্যাজম্যাট দলও কাজ করেছে।
দুর্ঘটনার পর বিমানবন্দরের সব রানওয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, যার ফলে বাণিজ্যিক ফ্লাইটের যাত্রীদের দীর্ঘ বিলম্ব ও বাতিলের ভোগান্তিতে পড়তে হয়। পরবর্তীতে চারটি রানওয়ের মধ্যে দুটি পুনরায় চালু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। অ্যামাজন জানিয়েছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

আপনার মতামত দিন