হোম / জাতীয় / রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের সহযোগি...
জাতীয়

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে জাপানের সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
০৭ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:২৮ পূর্বাহ্ন
৬৫ বার পঠিত
ফন্ট:
জাপান সরকারের বিশেষ দূত এবং নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত এবং নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সোমবার (৫সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকের শুরুতে বিশেষ দূত প্রধানমন্ত্রীকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। প্রায় ৫০ বছর ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করার কথা উল্লেখ করে তিনি মিয়ানমারে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে নিজের ভূমিকার কথা তুলে ধরেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে এ বিষয়ে জাপান সরকারের মানবিক সহযোগিতার কথা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে দীর্ঘসময় ধরে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং পরবর্তীতে মিয়ানমারে তাদের পুনর্বাসনে জাপান সরকারের বিশেষ দূতের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জাপানের বিশেষ দূত জানান, রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের প্রেসিডেন্টের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং দেশটির সরকার সংকটের সমাধানে আন্তরিক। তবে রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে প্রত্যাবাসনের গতি কিছুটা শ্লথ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দ্বিপক্ষীয় প্রচেষ্টার পাশাপাশি বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনাকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন। জবাবে বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার সরকারের প্রস্তুতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।

 

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+