ভারতের সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ গত ১২ দিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। দেশটির জলবিদ্যুৎ প্রকল্পগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির ওয়েবসাইট থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট ডে পিক আওয়ারে নেপাল থেকে ৩৮ মেগাওয়াট বিদ্যুৎ এলেও সন্ধ্যার পিক আওয়ারে কোনো সরবরাহ পাওয়া যায়নি। এরপর থেকেই দেশটির পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
গত বুধবার নেপালের সংবাদমাধ্যম ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর প্রতিবেদনে জানানো হয়, দেশটির ভোটেকোশি নদী এলাকায় আঘাত হানা ভয়াবহ বন্যার কারণে জলবিদ্যুৎ প্রকল্পগুলোর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সাধারণত বর্ষা মৌসুমে নেপাল প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করলেও বন্যার পর তা কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে নেমে এসেছে।
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন পাওয়া নেপালের দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প—২২ দশমিক ১ মেগাওয়াট ক্ষমতার চিলিমে এবং ২৪ মেগাওয়াট ক্ষমতার ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ রয়েছে। বিগত কয়েক বছর ধরে ভারতসহ বিভিন্ন দেশে বিদ্যুৎ রপ্তানির মাধ্যমে আঞ্চলিক বিদ্যুৎ বাজার তৈরির চেষ্টা চালিয়ে আসছিল নেপাল, তবে সাম্প্রতিক এই প্রাকৃতিক দুর্যোগে সেই কার্যক্রমে সাময়িক ছন্দপতন ঘটল।

আপনার মতামত দিন