গ্যাসের সরবরাহ স্বাভাবিক হলে দেশের বিদ্যুৎ পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বিদ্যুৎ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মন্ত্রীদের বরাত দিয়ে তিনি জানান, বর্তমান জ্বালানি সংকট কাটলে বিদ্যুতের এই ঘাটতি আর এতটা প্রকট থাকবে না। রাজধানী ঢাকায় লোডশেডিং প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ঢাকাকে একেবারে লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরকার সরে এসেছে। ঢাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব বিবেচনায় কিছুটা অগ্রাধিকার পেলেও নগরবাসীকেও বর্তমান পরিস্থিতি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
বিগত সরকারের সময়ে ঢাকার মানুষের সোস্যাল ক্যাপিটাল ও প্রভাব বেশি থাকায় রাজধানীতে লোডশেডিং রাখা হয়নি বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ২০২৩ ও ২০২৬ সালের জুনে লোডশেডিংয়ের তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি জানান, ২০২৩ সালের জুনে দৈনিক গড় লোডশেডিং ছিল ৯৬৯ মেগাওয়াট, যা ২০২৬ সালের জুনে কমে ৭৪১ মেগাওয়াটে দাঁড়িয়েছে। একইভাবে ২০২৩ সালের জুলাইয়ের তুলনায় ২০২৬ সালের জুলাইয়েও লোডশেডিংয়ের পরিমাণ কম ছিল।

আপনার মতামত দিন