জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় আজ রাত ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ নেওয়ার পর বাংলাদেশ সময় রাত ১টায় তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি মিটিং পরিচালনা করবেন। অন্যদিকে আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।
এর আগে গত ২ জুন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালট নির্বাচনে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হন।
উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশীদ চৌধুরী এই দায়িত্ব পালন করেছিলেন। চার দশক পর আবারও কোনো বাংলাদেশি কূটনীতিক বিশ্বের বৃহত্তম এই বহুপাক্ষিক ফোরামের শীর্ষ পদে আসীন হলেন।

আপনার মতামত দিন