ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী শনিবার থেকে তিন মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি শুরু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং এই ঝুঁকিপূর্ণ সময়ে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। তিনি জানান, শুধু মশকনিধনের ওপর নির্ভর না করে পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতার ওপর বিশেষ জোর দিতে হবে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সমন্বয়ে মাঠপর্যায়ে এই কার্যক্রম পরিচালিত হবে। মহানগর এলাকায় সিটি করপোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনওরা এই কার্যক্রম সমন্বয় করবেন।
অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবক ছাড়াও স্কাউট, বিএনসিসি, গার্ল গাইডস, রেড ক্রিসেন্ট সোসাইটি এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। প্রতি শনিবার তারা বিভিন্ন বাড়ি ও স্থাপনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবেন এবং এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে মানুষকে সচেতন করবেন। পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন