আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রাথমিক প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পূর্বের ঘোষণা থেকে সরে এসে ঢাকা উত্তর সিটিতে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণ সিটিতে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র পদে লড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হবে।
দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা পরিবর্তনের অংশ হিসেবে উভয় নেতাই ইতিমধ্যে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিজ নিজ নির্বাচনী এলাকার ভোটার হয়েছেন। আসিফ মাহমুদ দক্ষিণ সিটি থেকে স্থানান্তরিত হয়ে ঢাকা উত্তরের ৩৭নম্বর ওয়ার্ডের (আফতাবনগর) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী উত্তরা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডের ভোটার হয়েছেন।
প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন জানান, শীর্ষ নেতৃত্বের চূড়ান্ত আলোচনার ভিত্তিতে শিগগিরই বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। দলটির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ জানান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি ও সময়ের প্রয়োজনে কৌশলগত কারণেই এই পরিবর্তন আনা হচ্ছে। নির্বাচন ছাড়াও তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করা তাদের অন্যতম মূল লক্ষ্য।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৯মার্চ দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটিতে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করেছিলেন। প্রায় ছয় মাস পর সেই অবস্থান থেকে সরে এসে রাজধানীর দুই গুরুত্বপূর্ণ সিটিতে শীর্ষ দুই নেতাকে প্রার্থী করার নতুন সমীকরণ চূড়ান্ত করল দলটি।

আপনার মতামত দিন