ইরানের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবৃতিতে ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে সাম্রাজ্যবাদী মার্কিন কৌশলে তৈরি এই জোট মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ উন্মাদনা সৃষ্টি করবে। এ ধরনের কোনো জোটে বাংলাদেশের জনগণকে না জানিয়ে অন্তর্দলীয় বা কূটনৈতিকভাবে অন্তর্ভুক্ত করা একটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধে দেশকে জড়িয়ে ফেলার সামিল, যা স্বাধীন পররাষ্ট্রনীতির স্পষ্ট লঙ্ঘন।
নেতৃবৃন্দ আরও বলেন, মার্কিন আক্রমণের শিকার ইরানি জনগণের পাশে না দাঁড়িয়ে সাম্রাজ্যবাদী নীতির অনুগামী হওয়া বাংলাদেশের জাতীয় স্বার্থের জন্য আত্মঘাতী হবে। অবিলম্বে এই সমুদ্র প্রতিরক্ষা জোট থেকে বাংলাদেশকে দূরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি সরকারের এমন পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।

আপনার মতামত দিন