আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের পদ্মার ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। ভারতের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ে পৃথকভাবে এই চিঠি পাঠানো হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হলেও এখনো নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করা হয়নি। ইতোমধ্যে ভারতে ইলিশ রপ্তানির জন্য ১৮টি বাংলাদেশি প্রতিষ্ঠান আবেদন করেছে, যা যাচাই-বাছাইয়ের জন্য বুধবার (৯ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে বাণিজ্য মন্ত্রণালয়।
বাণিজ্যসচিব আতাউর রহমান খান গণমাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় ব্যবসায়ীদের আবেদনপত্র পাওয়া গেছে। তবে ঠিক কী পরিমাণ ইলিশ রপ্তানি করা যেতে পারে, সে বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ভারতীয় ব্যবসায়ীদের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৯৯৬ সাল থেকে প্রতি বছর গড়ে পাঁচ হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হলেও ২০১২ সালের পর থেকে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২০১৯ সাল থেকে কেবল দুর্গাপূজার সময় এক মাসের জন্য বিশেষ অনুমতি দিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে এই স্বল্পমেয়াদি অনুমতি কার্যকর কোনো সুফল বয়ে আনে না বলে দাবি তাদের। পাশাপাশি, প্রতি বছর সেপ্টেম্বরের শেষের দিকে অনুমতি দেওয়ার নিয়ম থাকলেও এবার তা আরও আগে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।
উল্লেখ্য, ২০১৯ সালে দীর্ঘ বিরতির পর ৫০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে এই ধারার পুনরায় সূচনা হয়। এরপর ২০২০ সালে ১ হাজার ৮৫০ টন, ২০২১ সালে ৪ হাজার ৬০০ টন, ২০২২ সালে ২ হাজার ৯০০ টন এবং ২০২৩ সালে ৩ হাজার ৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও বাস্তবে তার চেয়ে কম পরিমাণ ইলিশ ভারতে সরবরাহ করা হয়েছিল।

আপনার মতামত দিন