ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র কোরনের কাছাকাছি সমুদ্রে একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কোস্টগার্ড।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার সন্ধ্যায় উপকূল থেকে প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দূরে ‘এমভি জুন অ্যাস্টার’ নামের ফেরিটিতে হঠাৎ আগুন ধরে যায়। ম্যানিলার বন্দর থেকে ১১৭ জন যাত্রী ও ১৭ জন ক্রুসহ মোট ১৩৪ জন আরোহী নিয়ে ফেরিটি কোরনের দিকে যাচ্ছিল।
ফিলিপাইন কোস্ট গার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব জানান, এ পর্যন্ত ৪২ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও ৮৭ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে ৩৮ জন যাত্রী ও ৪ জন ক্রু সদস্য রয়েছেন। তবে ট্রমা ও ক্লান্তিজনিত কারণে তারা কথা বলার মতো অবস্থায় না থাকায় আগুন লাগার প্রকৃত কারণ এবং নিখোঁজদের সঠিক অবস্থান তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
বর্তমানে দুর্ঘটনাস্থলে নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত দিন