মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে বাণিজ্যিক জাহাজে হামলা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে। গত ছয় মাস ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের ফলে জ্বালানি সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৬ দশমিক ৫৫ ডলারে লেনদেন হচ্ছে।
এদিকে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ হুমকিতে থাকায় বিশ্বজুড়ে তেলের মজুত কমে যাওয়ার প্রেক্ষাপটে মার্কিন শক্তি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের তেলের মূল্যের পূর্বাভাস সংশোধন করেছে। সংস্থাটি চলতি বছর ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের গড় মূল্য ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করছে, যা তাদের পূর্ববর্তী অনুমানের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। তবে ইআইএর এই পূর্বাভাস প্রতিবেদনটি সাম্প্রতিক চরম উত্তেজনা শুরুর আগে গত ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল।

আপনার মতামত দিন