জাতীয় সংসদে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম ও জাকাত ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই আহ্বান জানান।
বক্তব্যে মুজিবুর রহমান বলেন, সংবিধানের মূল উৎস হিসেবে ‘আল্লাহর প্রতি ইমান ও আস্থা’ পুনর্বহাল করা উচিত। তিনি উল্লেখ করেন, আল্লাহ যাদের ক্ষমতা দেন তাদের প্রধান দায়িত্ব হলো নামাজ কায়েমের মাধ্যমে মানুষের চরিত্র গঠন এবং জাকাত ব্যবস্থার মাধ্যমে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারত্ব দূর করা। এছাড়া সংসদ সদস্যদের নিজেদের আমল-চরিত্র গঠনের তাগিদ দিয়ে নামাজের বিরতির সময় যথাযথভাবে কাজে লাগানোর অনুরোধ জানান তিনি। রাষ্টীয়ভাবে সালাত ও জাকাত চালুর উদ্যোগ নিতে তিনি স্পিকারকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার আহ্বান জানান।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ধর্ম পালন সম্পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা ও বিশ্বাসের বিষয়। ইসলাম মানবতার ধর্ম উল্লেখ করে তিনি জানান, নোটিশ জারি করে কাউকে জোরপূর্বক ধর্ম পালনে বাধ্য করা সম্ভব নয়। তবে সংসদ সদস্যের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে স্পিকার আশা প্রকাশ করেন যে, সবাই নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করবেন।

আপনার মতামত দিন