হোম / জাতীয় / বেসামরিক পারমাণবিক খাতে বাংলাদেশকে পাশে চায় য...
জাতীয়

বেসামরিক পারমাণবিক খাতে বাংলাদেশকে পাশে চায় যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
০৩ আগস্ট, ২০২৬ | ০১:০৫ পূর্বাহ্ন
৬০ বার পঠিত
ফন্ট:
বাংলাদেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা পুনরায় শুরু করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রায় তিন দশক আগে নবায়ন হওয়া দুই দেশের বিদ্যমান সহযোগিতা চুক্তির মেয়াদ বহু আগেই শেষ হয়ে যাওয়ায় একটি নতুন আইনি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গরের সদ্য সমাপ্ত তিন দিনের ঢাকা সফরে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতেও এ প্রস্তাব উত্থাপন করেন মার্কিন বিশেষ দূত।

প্রস্তাবিত এমওইউটির বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এটি দুই দেশের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতার একটি আধুনিক আইনি ভিত্তি তৈরি করবে। এর পরিধি বিস্তৃত হলেও পারমাণবিক শক্তির ব্যবহার কেবল শান্তিপূর্ণ ও অসামরিক খাতেই সীমাবদ্ধ থাকবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ১৯৮১ সালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৯৯১ সালে এটি নবায়ন করা হয়। এরপর দীর্ঘ সময় এটি আর নবায়ন না হওয়ায় তা অকার্যকর হয়ে পড়ে। ফলে বর্তমান বাস্তবতা বিবেচনায় একটি নতুন সহযোগিতার কাঠামো প্রয়োজন হয়ে পড়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এ ধরনের দ্বিপক্ষীয় চুক্তি অংশীদার দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি, গবেষণা তথ্য, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ বিনিময়ের আইনি ভিত্তি দান করে। তবে এই প্রক্রিয়ায় পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ সংক্রান্ত আন্তর্জাতিক সব বিধিবিধান কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আইনে এটি '১২৩ অ্যাগ্রিমেন্ট' নামে পরিচিত, যা তাদের অ্যাটমিক এনার্জি অ্যাক্টের ১২৩ নম্বর ধারার অধীনে সম্পাদিত হয়ে থাকে। বিশ্বের প্রায় ৫০টি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ ধরনের ২৬টি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি বর্তমানে কার্যকর রয়েছে।

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+