হোম / বিশ্ব / কঙ্গোর বুকাভুতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৯ শি...
বিশ্ব

কঙ্গোর বুকাভুতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৯ শিক্ষার্থীসহ বহু ঘরবাড়ি ভস্মীভূত

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৪:৩১ পূর্বাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরের চিমপুন্ডা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর (ডিআর কঙ্গো) বিদ্রোহী নিয়ন্ত্রিত বুকাভু শহরের চিমপুন্ডা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই শিশু ও শিক্ষার্থী।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল আটটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন দুটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান—উজামা প্রাথমিক বিদ্যালয় ও ফুরাহা মাধ্যমিক বিদ্যালয় এবং আশপাশের বসতিতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০০টি কাঁচা ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনের তীব্রতা দেখে শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি করে বের হওয়ার সময় পদদলিত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এছাড়া অনেক শিক্ষার্থী ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হন।

এএফসি/এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র লরেন্স কানিউকা জানান, নিহতদের মধ্যে ১৯ জন ছাত্রী এবং পাঁচজন ছাত্র রয়েছে। বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দক্ষিণ কিভু প্রদেশের উপগভর্নর দুনিয়া মাসুমবুকো বুয়েঙ্গে জানান, আহতদের স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

ঘটনার পর রাজধানী কিনশাসাভিত্তিক সরকারের জাতীয় শিক্ষা ও নতুন নাগরিকত্ব মন্ত্রণালয় এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দ্রুত শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করা যায়। উল্লেখ্য, গত সপ্তাহান্তে কিনশাসার একটি বিয়ের অনুষ্ঠানেও অগ্নিকাণ্ড ও পদদলনের পৃথক ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়। পরপর দুটি বড় দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটির সরকার জনসমাগমস্থলে নিরাপত্তা জোরদার এবং কঠোর মানদণ্ড বাস্তবায়নে বিশেষ দল মোতায়েনের নির্দেশ দিয়েছে।

 

আ
আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+