দেশের তরুণ প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষতায় দক্ষ করে গড়ে তুলতে দেশের সবকটি জেলায় দুই মাসব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য কোনো ফি লাগবে না, বরং প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ও খাবার ভাতা দেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো নারী ও পুরুষ এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক ধারণা থাকা আবশ্যক। তবে তথ্যপ্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি মৌখিক ও লিখিত ইংরেজিতে দক্ষ প্রার্থীরা চূড়ান্ত বাছাইয়ে অগ্রাধিকার পাবেন।
পুরো কার্যক্রমটি দেশের আটটি বিভাগকে চারটি সমন্বিত প্যাকেজে ভাগ করে একযোগে পরিচালনা করা হবে। নির্দেশিকা অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর লিখিত এবং ২৭ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র প্রার্থীদের মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিয়ে আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দুই মাসের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

আপনার মতামত দিন