আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আগেই কর্মী নিয়োগের নামে প্রতারণার ফাঁদ পাতা একটি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গ্রামাঞ্চলের সহজ-সরল বিদেশগমনেচ্ছুক কর্মীদের দালালদের মাধ্যমে নয়াপল্টনের চায়না টাউনে অবস্থিত ওই এজেন্সির অফিসে এনে ভুয়া ইন্টারভিউ নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
ঘটনাটি টের পেয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর তাৎক্ষণিক নির্দেশে গত বৃহস্পতিবার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ‘ত্রিপল এ ওভারসিজ’ (আরএল-২৬৩০) নামক রিক্রুটিং এজেন্সিতে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ মেলায় অফিসটি সিলগালা এবং নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সাধারণ কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে জমা নেওয়া তিনটি বক্স পাসপোর্ট জব্দ করে বিএমইটির জিম্মায় নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিদেশগামী মেহনতি কর্মী ও প্রবাসীদের স্বার্থরক্ষা বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। কোনো অসাধু বা অবৈধ রিক্রুটিং এজেন্সিকে সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে প্রতারণা করতে দেওয়া হবে না এবং অনিয়মকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও কঠোর আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে। জব্দকৃত পাসপোর্টগুলো আইনি প্রক্রিয়ায় প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া এবং সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে বায়রার সদস্য ও শিখা ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোপ্রতারক এজেন্সিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অফিস সিলগালা করার জন্য প্রবাসী মন্ত্রী ও বিএমইটি কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, বৈদেশিক কর্মসংস্থান খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার রাখা হবে।

আপনার মতামত দিন