বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।
মতবিনিময় সভায় সরকারের কঠোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, জাতির সাথে দেওয়া ওয়াদা সরকার পালন করেনি এবং জনগণের গণরায় পুরোপুরি উপেক্ষা করেছে। বিল পাসের সময় কয়েকটি বিষয় বাদ দিয়ে তাদের মতামত আমলে নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য যদি এমন হয় যে ভোটের জন্য প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করা হয় না, তবে তা স্পষ্ট প্রতারণার সামিল।
তিনি আরও স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মূল কারণ ছিল জনগণের ভোটের রায় পাকিস্তানি শাসকগোষ্ঠী কর্তৃক মেনে না নেওয়া। তাই বর্তমান সরকারও জনগণের রায় উপেক্ষা করলে তা মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সংস্কারের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়িত হলে কোনো সরকারই আর স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ পাবে না। সরকার ভালো কাজ করলে সমর্থন এবং খারাপ কাজের বিরোধিতা ও প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে তিনি বলেন, সরকার মানছে না বলে জনগণের রায় আমরা কখনোই ছেড়ে দেব না। এছাড়া র্যাব জাতির সাথে চরম অন্যায় করেছে উল্লেখ করে এর বিলুপ্তি দাবি করেন তিনি। পাশাপাশি কোরআনের বিধানের বিপরীতে সম্পদ বণ্টন আইন করার তীব্র সমালোচনা করে তিনি মন্তব্য করেন যে, এমন দুঃসাহস এমনকি ইংরেজরাও করেনি।

আপনার মতামত দিন