হোম / জাতীয় / দেশবাসীকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধ...
জাতীয়

দেশবাসীকে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট, ২০২৬ | ০১:৪৪ পূর্বাহ্ন
৭২ বার পঠিত
ফন্ট:
একটি সুস্থ পরিবেশ ও পরিচ্ছন্ন দেশ গঠনে দেশের সকল স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একটি সুস্থ পরিবেশ ও পরিচ্ছন্ন দেশ গঠনে দেশের সকল স্তরের মানুষকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করতে যত্রতত্র আবর্জনা না ফেলার অনুরোধ জানান তিনি।

সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর প্রতি এই উদাত্ত আহ্বান জানান।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে স্পর্শ করে। তিন বা চার দশক আগের তুলনায় বর্তমানে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও ব্যবহৃত টিস্যুসহ নানা ধরনের আবর্জনা যত্রতত্র ফেলার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।”

ময়লা-আবর্জনা সঠিক উপায়ে ফেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমাদের দেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে বা বাসে যাতায়াত করেন। যত্রতত্র জমে থাকা আবর্জনার দুর্গন্ধ ও পরিবেশদূষণের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। আমরা যদি সবাই একটু সচেতন হয়ে ব্যবহৃত বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং নিয়ম অনুযায়ী তা অপসারণ করি, তবে পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর থাকবে।”

নিজের বসতঘরের দৃষ্টান্ত টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা যে ঘরে বাস করি, সেখানে যদি চারদিকে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকে, তবে কারোরই ভালো লাগবে না। কবির ভাষায় আমাদের এই দেশ ‘সবুজ, শস্য-শ্যামলা ভুবন’। তবে কেন আমরা আমাদের চারপাশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পারব না?”

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চল সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিভিন্ন স্থানে সফরকালে দেখেছি পুকুরে বা পুকুরপাড়ে ময়লার স্তূপ জমে আছে। অথচ একসময় এসব স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে আড্ডা দিত ও সময় কাটাত। পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করার পরও আমরা অসচেতনভাবে আবার তা নোংরা করে ফেলছি। আমরা যদি সচেতন হয়ে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলি, তবে আমাদের পরবর্তী প্রজন্মও একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ উপভোগ করতে পারবে।”

দেশ গঠনে সবার সম্মিলিত চেষ্টার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশটা আমাদের সকলের। আমরা সকলে মিলে চেষ্টা করলে যেকোনো বড় লক্ষ্য অর্জনে সক্ষম হব। প্রিয় দেশবাসী, একটি আবর্জনামুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে আমি আপনাদের এই সহযোগিতাটুকু চাচ্ছি।”

ন
নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+