শিক্ষার মানোন্নয়নে শিক্ষকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী এক বছরের মধ্যেই দেশের শিক্ষাব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা শহরের চার্চ অব গড মিশন ক্যাম্পাসে 'আলোকিত লালমনিরহাট' কর্মসূচির সচেতনতামূলক প্রচার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো অতিরিক্ত 'অফ ডে' বা ছুটির দিন রাখা যাবে না। শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। অনেক সময় দুপুরের পর প্রতিষ্ঠানে শিক্ষার্থী পাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, শিক্ষক না থাকলে শিক্ষার্থীরা কীভাবে প্রতিষ্ঠানে টিকবে? চাকুরিতে যোগদানের সময় অতিরিক্ত ছুটি ভোগের বিধান ছিল না উল্লেখ করে এই অনিয়মের অবসান ঘটানোর তাগিদ দেন তিনি।
শিক্ষকদের দায়িত্বশীলতার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, পাঠদান শেষে जिन শিক্ষকদের ক্লাস থাকে না, প্রয়োজনে তাদের প্রশাসনিক বা অন্যান্য দায়িত্ব পালন করতে হবে। প্রশাসনের কর্মকর্তাদের মতো শিক্ষকদেরও নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, প্রতিটি প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। এছাড়া শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং এ ক্ষেত্রে প্রয়োজনে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
সদর উপজেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে সচেতনতামূলক লিফলেট, প্রচারপত্র এবং মন্ত্রীর লেখা 'জাগো বাহে তিস্তা' বই বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা শিক্ষা কর্মকর্তা রুখসানা পারভীন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

আপনার মতামত দিন