আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ভারতের মাছ আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে এই আবেদন জানায় বলে এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
সংগঠনটির পাঠানো চিঠিতে বলা হয়েছে, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল ও আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে নিয়মিত ইলিশ আমদানি করতেন। কিন্তু ২০১২ সালের জুলাই মাসে রপ্তানি নিষিদ্ধ হওয়ার পর থেকে তারা তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। পরবর্তীতে ২০১৯ সাল থেকে প্রতিবছর কেবল দুর্গাপূজা উপলক্ষে ১ মাসের জন্য বিশেষ অনুমতি দেওয়া হলেও তা ব্যবসায়িক চাহিদা পূরণে যথেষ্ট নয় বলে উল্লেখ করা হয়।
চিঠিতে দুই বাংলার সংস্কৃতি ও রন্ধনশৈলীর অভিন্ন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় পদ্মার ইলিশের ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তা রয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে ইলিশ রপ্তানির ওপর থেকে স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে ভারতের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ থাকবে বলে চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত দিন