সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সশস্ত্র সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি জানান।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
পোস্টে ইয়াহিয়া সারি উল্লেখ করেন, সৌদি আরবের শারুরাহ সামরিক ঘাঁটি ছিল এই হামলার মূল লক্ষ্য। সেখানে অবস্থিত অস্ত্রের গুদাম এবং ‘কমান্ড ও কন্ট্রোল সেন্টার’-এ সফলভাবে আঘাত হানা হয়েছে। তার দাবি, হুথিদের বিরুদ্ধে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের ব্যবস্থাপনায় এই স্থাপনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তবে এই হামলাটি ঠিক কবে চালানো হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ প্রকাশ করেননি হুথি মুখপাত্র।
এদিকে, গত কিছুদিন ধরে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সৌদি সামরিক ঘাঁটিতে হামলার এই চাঞ্চল্যকর দাবি সামনে এল।

আপনার মতামত দিন