রাজধানীর বাজারে অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আনতে সোমবার (৩ আগস্ট) থেকে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে কাঁচামরিচ আমদানির ওপর বিদ্যমান শুল্ক-কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে বাজারে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা প্রকাশ করছে সরকার।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। এর আগে রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বর্তমানে রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ ৩২০ থেকে ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই-তিন দিন আগে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। যেখানে গত সপ্তাহেও এর দাম ছিল ২০০ টাকার কাছাকাছি। ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও একাধিক অঞ্চলের সাম্প্রতিক বন্যার কারণে কাঁচামরিচ ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আড়তে পর্যাপ্ত সরবরাহ না থাকায় এবং ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বাজারে এমন তীব্র সংকট তৈরি হয়েছে।
শান্তিনগর বাজার পরিদর্শনকালে কৃষিমন্ত্রী জানান, বাজার স্থিতিশীল রাখতে দ্রুত কাঁচামরিচ আমদানির অনুমতি ও শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশ থেকে আমদানিকৃত মরিচ পৌঁছালে দাম দ্রুত কমে আসবে।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট বার্তা দিয়ে বলেন, "ভোক্তাদের স্বার্থ রক্ষায় বাজার সহনীয় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসৎ উদ্দেশ্যে কেউ কৃত্রিম সংকট তৈরি বা মূল্য কারসাজির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
উল্লেখ্য, রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী অংশ নেন এবং বৈঠক শেষে সরকারের এই বিশেষ তদারকি টিমে কাঁচাবাজার পরিদর্শনে যান।

আপনার মতামত দিন