হোম / আইন-আদালত / প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও স...
আইন-আদালত

প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবিতে হাইকোর্টে রিট

ডেস্ক রিপোর্ট
১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ০৯:৫১ পূর্বাহ্ন
৬৪ বার পঠিত
ফন্ট:
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

যুবসমাজের নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা রোধ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ নিশ্চিত করতে কেবল প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

আবেদনে অভিযোগ করা হয়েছে, দেশের বর্তমান নাটক ও চলচ্চিত্রে অতিরিক্ত রোমান্টিক কনটেন্টের অবাধ সম্প্রচারের ফলে পরকীয়ার মতো বিষয়গুলোকে স্বাভাবিক ও মহিমান্বিত করে উপস্থাপন করা হচ্ছে। এর নেতিবাচক প্রভাবে যুবসমাজ ও শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ার থেকে বিচ্যুত হচ্ছে এবং সমাজের নৈতিক কাঠামো ভেঙে পড়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণার বরাত দিয়ে রিটে দাবি করা হয়েছে যে, লাগামহীন রোমান্টিক ও উসকানিমূলক কনটেন্ট যুবসমাজের মনস্তাত্ত্বিক বিকাশে বাধা সৃষ্টি করে এবং অপরাধ প্রবণতা বাড়ায়।

সংবিধানের ৩৯ অনুচ্ছেদের বাকস্বাধীনতার কথা উল্লেখ করা হলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে তাতে যুক্তিসঙ্গত বাধানিষেধের বিধান রয়েছে বলে রিটে বলা হয়েছে। এছাড়া সংবিধানের ২৩ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ এবং কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর বিভিন্ন ধারা অনুযায়ী পারিবারিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা এবং ক্ষতিকর কনটেন্ট নিষিদ্ধ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা পালনে ব্যর্থ হয়েছে বলে রিটে অভিযোগ করা হয়েছে।

কেবল প্রেমভিত্তিক কনটেন্ট বন্ধের পাশাপাশি যুবসমাজের সৃজনশীলতা ও দেশপ্রেম জাগ্রত করতে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণে বাধ্যতামূলক নির্দেশনা জারির আর্জি জানানো হয়েছে। এর আগে গত ২৭ আগস্ট এ বিষয়ে প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট বিবাদীদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল, তবে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় এই রিট করা হয়।

 

ড
ডেস্ক রিপোর্ট

প্রতিবেদক

আপনার মতামত দিন

ফটো কার্ড ডাউনলোড করুন
News Image
dailymatribhumi.com
logo
+