সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নিয়োগ-পদায়ন বাণিজ্য, টেন্ডার কমিশন এবং বিদেশে অর্থ পাচারসহ প্রায় ১৩হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগের বড় পরিসরে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানের পর নতুন এই অভিযোগগুলো সংযুক্ত করা হয়েছে। নতুন অভিযোগে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে প্রায় ১১হাজার কোটি টাকা পাচার করে বিলাসবহুল ভিলা ক্রয় ও ব্যবসায় বিনিয়োগের গুরুতর অভিযোগ আনা হয়েছে। এছাড়া সিটি করপোরেশন ও বিভিন্ন সরকারি দপ্তরে প্রশাসক, ডিসি এবং ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগে কোটি কোটি টাকার ঘুষ লেনদেনের তথ্য রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ঢাকা ওয়াসা এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় অস্বাভাবিকভাবে বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রকল্প ও টেন্ডার বাণিজ্য থেকে ১০থেকে ৩০শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগের পাশাপাশি তার বাবা, এপিএস ও পিওদের বিরুদ্ধে সিন্ডিকেট নিয়ন্ত্রণ ও ক্ষমতার অপব্যবহারের বিষয় খতিয়ে দেখছে দুদক।
এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পদোন্নতি ও বদলি সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে চার সদস্যের একটি দল গঠন করে এই দুর্নীতি তদন্তের কাজ শুরু করে দুদক।

আপনার মতামত দিন