সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৮ শিশু। রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৯০৫ জন এবং নিশ্চিতভাবে ৬৩ জন শিশু শনাক্ত হয়েছে। চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশব্যাপী মোট ১ লাখ ৭১ হাজার ৫৪৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৬৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫১ হাজার ২৪ জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৫ হাজার ২৫২ জন। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিত হামে নতুন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে চলতি মৌসুমে ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গে মোট ৯২২ জন এবং নিশ্চিত হামে ১০০ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এ পরিস্থিতি মোকাবেলায় শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করার এবং সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

আপনার মতামত দিন