চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশজুড়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, একজন শ্রমজীবী মানুষ সারাদিন রোদের মধ্যে হাড়ভাঙা পরিশ্রম করে যে ৫০০ টাকা উপার্জন করেন, সেখান থেকে ২০০ থেকে ৩০০ টাকা চাঁদাবাজরা ছিনিয়ে নেয়। এই টাকার ওপর নির্ভর করে একজন শ্রমিকের সন্তানের দুধ, পড়াশোনা কিংবা বৃদ্ধ বাবার ওষুধ। কিন্তু চাঁদাবাজির কারণে সেই মৌলিক প্রয়োজনগুলো থমকে যায়।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, দোকান দেওয়া, ব্যবসা করা, গাড়ি চালানো কিংবা বাড়ি নির্মাণ—সব ক্ষেত্রেই আজ চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির অর্থ কেবল নিচেই সীমাবদ্ধ থাকে না, বরং ধাপে ধাপে প্রভাবশালী নেতাদের হাতেও পৌঁছায়। এই প্রবণতা মানুষের ঘাম, সন্তানের ভবিষ্যৎ এবং বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। তাই নব্য চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আপনার মতামত দিন